কুলিয়ারচরে এক কৃষকের লাশ উদ্ধার
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪জুলাই) দুপুরে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের কাজীর মোড় বাজারের পাশে কৃষি জমি থেকে কৃষক মো. আসমত আলী (৬০) এঁর মরদেহ উদ্ধার করে।
আসমত আলী পূর্ব গোবরিয়া ফালু মাস্টারের বাড়ির মৃত সাহেব আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. আসাদুল হক মঞ্জু সহ এলাকাবাসী জানান, নিহত আসমত আলীর পরিবারের লোকজন ঢাকায় থাকেন আর আসমত আলী বাড়িতে কৃষি কাজ করেন। রোববার (১৩জুলাই) থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর পার্শ্ববর্তী বন্দে একটি কৃষি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, সোমবার (১৪জুলাই) দুপুরে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ হাজির হয়ে লাশ উদ্ধার করি। তিনি সহ এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করছেন রোববার যে কোন সময় কৃষি কাজ করার সময় কৃষক মো. আসমত আলী বজ্রপাতে নিহত হতে পারে। ওসি বলেন, তবে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































